
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে হলের ৫২৫ নম্বর কক্ষে এ আগুন লাগে, এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কক্ষের বাসিন্দা, যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক জানান, “আমার এক নিকটাত্মীয় রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে আমি ও আমার দুই রুমমেট তাকে দেখতে যাই। ভোর সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ল্যাপটপটি সম্পূর্ণ পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, “ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয় এবং প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন,“ঘটনার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলে এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের তিনটি পৃথক হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা আবাসিক হলগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
