
নিজস্ব প্রতিবেদক:
যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (২ মে) বোয়ালিয়া মডেল থানায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে আসামি করে মামলাটি করেন।
আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর নির্দেশে বোয়ালিয়া মডেল থানা মামলাটি দায়ের করে। এর আগে গত ২৭ এপ্রিল ওই ছাত্রী ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানী তাকে যৌন নিপীড়ন করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযোগ রয়েছে, গোলাম রাব্বানী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের যৌন নিপীড়ন করেন।
এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী জানান, তার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর তারা রাব্বানীর পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালের চাকরি ছেড়ে দেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ রাজশাহীর চন্দ্রিমা থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত গত ২০ এপ্রিল জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
