
নিজস্ব প্রতিবেদক:
নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগর ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় নগরীর প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা দুটি গ্রুপে অংশগ্রহণ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ এবং জাতীয় পর্যায়ে নজরুলচর্চা ও সংরক্ষণকে উৎসাহিত করা।
সকাল থেকেই নগর ভবনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নজরুলের গান, কবিতা ও সৃষ্টিশীলতার নানা দিক প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে।
প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকালে নগর ভবনের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা কমিটির সদস্যসচিব এবং রাসিকের সচিব মো. সোহেল রানা। এ সময় রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার