নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হেলেন (৪৮) পালিয়ে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামে হেলেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলেন কৌশলে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী মোসা. লাইলা বেগম (৪৪), দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো. নাইম (২৩) ও মো. রাকিব ইসলাম (২০) গ্রেপ্তার হন।
পরে গ্রেপ্তার লাইলা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে হেলেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পলাতক হেলেন ও গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক হেলেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার