
শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছর বয়সী শিশু হৃদয় সরদারকে হাসুয়ার কোপে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃতরা হলেন হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়া।
শুক্রবার (৮ মে) গ্রেফতারকৃত তিন আসামিকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোসলেম উদ্দিনের কাছে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
থানা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে বাড়ির জায়গা নিয়ে কৃষক ফারুক সরদারের সঙ্গে তার সহোদর ভাই পেশকার সরদার ও হামেদ সরদারের বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামেদ সরদার হাসুয়া দিয়ে ফারুক সরদারকে কোপ দিতে গেলে তিনি সরে যান। এসময় পাশে দাঁড়িয়ে থাকা তার পাঁচ বছর বয়সী ছেলে হৃদয় সরদারের মাথায় হাসুয়ার আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা ফারুক সরদার বাদী হয়ে হামেদ সরদার ও পেশকার সরদারকে ১ ও ২ নম্বর আসামিসহ মোট ৯ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর প্রধান আসামি হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়া আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত হয়।
এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান, শাহ আলম, এএসআই মোস্তফা কামালসহ পুলিশের একটি দল কৃষক বেশ ধারণ করে অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কৃষিজমিতে ধান কাটার সময় তাদের গ্রেফতার করা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তাদের শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, আদালতে প্রধান দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার