
প্রকাশকাল ডেস্ক:
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদেরকে এ অনুরোধ জানিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্রে বলা হয়েছে, হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমাদানপূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজ যাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে।
জারিকৃত পত্রে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, হজ-২০২৬ এর যে সকল হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি, তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে, সেই হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার