আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এসপি হান্নানের ঘুস লেনদেন প্রমাণিত: শাস্তি তিরস্কার

by Prokash Kal
৭৪ views

প্রকাশকাল ডেস্ক:

বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে। শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ শাস্তির বিষয়টি জানানো হয়, যেখানে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার পদায়নের উদ্দেশ্যে তিনি কথিতভাবে রবিউল মুন্সী নামে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে সেই পদায়ন বাস্তবায়িত হয়নি। পরে গত বছরের ৯ নভেম্বর তিনি নরসিংদীতে এসপি হিসেবে যোগদান করলে তিনি এবং ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়ায় রবিউল মুন্সীর অফিস থেকে ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরতের আশ্বাস হিসেবে তাদের উপস্থিতিতে স্বহস্তে লিখিত দলিল নেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে, সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে ফোনালাপে বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্য ব্যবহারের বিষয় তিনি স্বীকার করেন। কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ হলে পুলিশের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি লিখিত জবাব জমা দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য, নথিপত্র ও অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশ অনুযায়ী তাকে ‘তিরস্কার’ দণ্ড প্রদান করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত