
প্রকাশকাল ডেস্ক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমবেত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার পর থেকে নির্বাচন ভবন ও এর আশপাশের এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই আগারগাঁওয়ের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জামায়াতে ইসলামী পাকামার্কেট সংলগ্ন সড়কে অবস্থান নিলে, অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে। অস্থায়ী মঞ্চ স্থাপন করে বক্তারা গণভোটের পাশাপাশি সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন।
বক্তারা উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার পরই নভেম্বরে গণভোট আয়োজন না হলে তা গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ করে দেবে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন, অতীতের মতো বর্তমান নির্বাচন কমিশনও তাদের দাবিতে পদক্ষেপ না নিলে একই পরিণতির মুখোমুখি হবে।
সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
আন্দোলনরত দলগুলো তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেছে-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
৩. সব দলের জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের ‘জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি’-র বিচার করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
দুপুরে আট দলের প্রতিনিধিদল আলাদা আলাদাভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে তাদের দাবির স্মারকলিপি জমা দেয়।
