
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে মদ্যপ অবস্থায় ভায়রাকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১০ মে) রাতে নাটোরের দুর্লভপুর এলাকা থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার রুবেল (২৬) টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নুরুল ইসলাম খন্ডের ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
জানা যায় , গত ৪ মে রাতে ভিকটিম রায়হান (২৮) তার শ্যালক জনি ও কয়েকজনের সাথে মদ্যপান করেন এবং পরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ এক পতিত জমিতে পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেফতার আসামীকে কালিহাতি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এজাহারনামীয় ১নং আসামী জনি (২৬) এর বোন মুন্নি আক্তারের (২৩) সাথে ভিকটিম প্রেম ভালোবাসার সম্পর্ক করে বিয়ে করে। বিষয়টি মেয়ের ভাই জনি মেনে নিতে পারেনি এবং বিভিন্ন সময় জনি ভিকটিমকে খুন করার হুমকি দিতেন। পরিবারের ধারনা উক্ত ঘটনার জের ধরেই জনি অন্যান্য আসামীদের নিয়ে তার ছেলে রায়হানকে কুপিয়ে হত্যা করেছে।
