
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ব্যবসায়ী আলমগীর হোসেনকে অপহরণের মূলহোতা শাহাজান (৬৫) কে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৫।
সোমবার (২৭ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে ঢাকা জেলার সাভার থানার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিম আলমগীরকে উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার মৃত রুস্তম আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১৯ অক্টোবর নওগাঁ সদর থেকে ঢাকায় যাওয়ার পথে আলমগীর নিখোঁজ হন। পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের কাছে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আলমগীরের ছেলে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিমকে জীবিত উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
