
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রভাষক মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখার সাংগঠনিক সম্পাদক হা. মো. আবু সাঈদ, জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলার সহ-সভাপতি হা. রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখার সাধারণ সম্পাদক শাকিব আল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনের পর দেলোয়ার হোসেন বলেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের জানমাল ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীনভাবে কাজ করবে এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
