
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, ভোটাধিকার হরণ ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে নাটোরের ইলেকট্রিক ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছেন। গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে তলবি সভা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাটোর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ব্যবসায়ী সমাজের দাবি, এ সিদ্ধান্ত ছিল গণতন্ত্র, স্বচ্ছতা ও সাধারণ সদস্যদের মর্যাদা প্রতিষ্ঠার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
নবগঠিত নির্বাহী কমিটি সংগঠনের কার্যক্রমকে নতুন ধারায় এগিয়ে নিতে কাজ শুরু করার মধ্যেই বহিষ্কৃত সদস্যদের অপতৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে রাজশাহীতে তথাকথিত বিভাগীয় সম্মেলন ও বিভাগীয় ঐক্য কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে নাটোর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজশাহী ইলেকট্রিক মালিক সমিতির সভাপতি গোলাম রাব্বানীকে অবহিত করা হয় এবং সাধারণ ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে সেই মতামত উপেক্ষা করে বহিষ্কৃত সদস্য মফিউর রহমান দুদু ও তপন প্রামাণিককে কার্যকর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
নাটোরের ব্যবসায়ীদের মতে, এ সিদ্ধান্ত গণতান্ত্রিক শিষ্টাচারবিরোধী এবং নাটোর জেলার সাধারণ ব্যবসায়ীদের মতামতের প্রতি চরম অবজ্ঞার শামিল। তারা এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে নাটোর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সর্বস্তরের ব্যবসায়ীরা স্পষ্ট করে বলেন, “বহিষ্কৃতদের পুনর্বাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ সদস্যদের সম্মতি ছাড়া কোনো কমিটি আমরা মেনে নেব না। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে কোনো আপস হবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ ব্যবসায়ীদের অধিকার ও সংগঠনের স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
