আজ- বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা: যা জানালো রাসিক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যকে আংশিক ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সিটি কর্পোরেশন।

রাসিকের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও সংশ্লিষ্ট এক প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছিল। প্রস্তাবিত সফরের পুরো ব্যয়ভার বহনের দায়িত্বও আমন্ত্রণকারী প্রতিষ্ঠান নিতে চেয়েছিল। এ ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের বিষয় ছিল না।

রাসিক আরও জানায়, সফরটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হলেও সরকার থেকে কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ধরনের সকল বিদেশ সফর আপাতত বাতিল করায় সফরটি বাস্তবায়নের সুযোগও সৃষ্টি হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ফ্রান্স সফরে যাচ্ছেন, এমন নিশ্চিত তথ্য প্রচার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি সফরের প্রকৃত উদ্দেশ্য উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে মহানগরবাসীকে বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।

You may also like

Leave a Comment

শিরোনাম: