
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“সমতার বাংলাদেশ গড়ি, কন্যাশিশুর অগ্রগতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছলাম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কন্যাশিশুর সুরক্ষা ও উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, তবে পরিবার থেকেই শুরু করতে হবে সচেতনতা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, বাংলাদেশে আজ নারীরা শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা টেকসই করতে হলে পরিবার থেকেই কন্যাশিশুকে সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। পিতা-মাতা ও অভিভাবকদের দায়িত্ব মেয়েশিশুর প্রতি যত্নবান হওয়া এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। সরকার কন্যাশিশুর কল্যাণে বিভিন্ন আইন ও কর্মসূচি বাস্তবায়ন করছে এগুলো সবার জানা ও মানার দায়িত্ব আমাদের সবার।
অনুষ্ঠানে শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ ও সমঅধিকার নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
