
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পুকুরপাড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের সাধারণ নেতাকর্মী ছাড়াও তরুণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ব্যাপক অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক প্রফেসর ড. এম. এ. মুহিত। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দেশের স্বাস্থ্যখাতে অবদানের জন্য পরিচিত ড. মুহিত এ অঞ্চলে একটি নেতৃত্বগুণসম্পন্ন ও জনপ্রিয় মুখ হিসেবে বিবেচিত।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম শাকিক চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রকাশনা ও প্রচার সম্পাদক আল আলামিন হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, নাদিম, মাসুম রানা, আরাফাত ইসলাম, রবিউল, আলাল, আক্তার হোসেন, জিয়াউল হক প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরাও উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে স্থানীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি প্রফেসর ড. এম. এ. মুহিতসহ অতিথিদের বরণ করে নেন। সভা চলাকালে এলাকার জনগণ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভোটারদের প্রত্যাশা সম্পর্কে মতামত তুলে ধরেন। বিশেষ করে যুবসমাজের প্রতিনিধিরা কর্মসংস্থান, শিক্ষাব্যবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা শাহজাদপুর উপজেলার অবকাঠামো ও সড়ক যোগাযোগ উন্নয়ন, জনস্বাস্থ্য, কৃষি, শিক্ষা, নদীভাঙন প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের অবহেলায় শাহজাদপুরের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত। বক্তারা ড. মুহিতের মতো জনবান্ধব ও সৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. এ. মুহিত বলেন: আমি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠানে সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসা পাচ্ছেন, এবং অসহায়দের সহায়তা করছি। উন্নত দেশগুলোর অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে আমি শাহজাদপুরকে সামগ্রিকভাবে উন্নত করতে চাই। যদি ধানের শীষ প্রতীকে আপনারা আমাকে সমর্থন করেন, তবে নির্বাচিত হয়ে আমি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বাস্তবসম্মত পরিবর্তন নিয়ে আসব।
তিনি আরও বলেন যে, রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং জনগণের সেবা করার একটি সুযোগ।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, ড. মুহিত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে শাহজাদপুরের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে। তারা জানান, বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী এবং সাধারণ জনগণ তাকে সমর্থন জানাতে প্রস্তুত।
