নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম বলেছেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত চরমপন্থীদের জন্য একটি সাহসী পদক্ষেপ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মসমর্পণকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুন জীবন শুরু করতে হবে। একই সঙ্গে তাঁদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দপ্তরে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নতুন পথে প্রত্যাবর্তন’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, পাবনার ৪৫ জন এবং রাজবাড়ীর ১৩ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম এবং এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।
ডিআইজি আশিক সাঈদ বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা জরুরি। আত্মসমর্পণকারীরা যেন অতীত পেছনে ফেলে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে জন্য তাঁদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার