
নিজস্ব প্রতিবেদক:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এই নগরীকে আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আরএমপি নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”
তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরএমপির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার