
নিজস্ব প্রতিবেদক:
ঈদগাহ মাঠকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ ও ঈদগাহ কমিটি। কমিটির পক্ষ থেকে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করা হয়েছে।
কমিটির ভাষ্য অনুযায়ী, ঈদগাহ মাঠের একাংশে আগে একটি ছোট ঘর ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই ঘরটিতে মাদক সেবন, মাদক কেনাবেচাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং ঈদগাহ মাঠের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয়দের মতামত ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে ঘরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে স্থাপনাটি অপসারণ করা হয় বলে জানায় কমিটি।
মসজিদ ও ঈদগাহ কমিটির দাবি, ওই স্থাপনা অপসারণে ক্ষুব্ধ একটি পক্ষ পরবর্তীতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। তবে এ অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং এটি কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা বলে তারা মনে করছে।
এছাড়া কমিটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, কিছু কথিত সাংবাদিক বিভিন্ন সময় চাঁদা দাবি করেছিলেন। কমিটির দাবি, সেই দাবি পূরণ না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।
কমিটির নেতারা বলেন, ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সর্বোপরি জনস্বার্থ নিশ্চিত করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। ব্যক্তিগত বা আর্থিক কোনো স্বার্থে নয়, বরং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার