
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ভূমিমন্ত্রী। হাসপাতালের শয্যায় থেকেও রাজশাহীর বিএনপি নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় যোগ দিয়েছিলেন মিজানুর রহমান মিনু। পরদিন অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা রামেক হাসপাতালে তাঁকে দেখতে যান। বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের প্রতিনিধিরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ভূমিমন্ত্রীর সুস্থতা কামনা করছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার