
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
বুধবার ( ১১ নভেম্বর) ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিসংগত নয়।
সংসদ সদস্য পদ ও আসন শূন্য করার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, এ-সংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানো হয়েছে। ফলে এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। সংসদ সদস্য পদ বহাল থাকা বা শূন্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলেও তিনি উল্লেখ করেন।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা আদালতের এখতিয়ার খর্ব করার পক্ষে দলটি নয়। আইন নিজস্ব গতিতে চলবে এবং আদালতের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে।
গতকালের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করছে—এমন প্রশ্ন তোলার প্রতিবাদ জানিয়ে উপজেলা জামায়াতের আমীর বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সমস্যাগুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন দলটি সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের অধিকার আটকে রেখেছে। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর পত্র প্রেরণ এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে একতরফা অভিযোগ উত্থাপন করা বস্তুনিষ্ঠ নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসান সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি দলীয় অবস্থান ও তথ্য বস্তুনিষ্ঠভাবে প্রকাশের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার