
নিজস্ব প্রতিবেদক:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিআরডিবির যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার