
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত এডটেক স্টার্টআপ ‘চর্চা’ জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরাদের কাতারে জায়গা করে নিয়ে ১০ লাখ টাকার অনুদান অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অনুদান প্রদান করা হয়। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি স্টার্টআপটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, উদ্ভাবনী স্টার্টআপগুলোর পথচলায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সহায়তা ও নীতিগত উদ্যোগ গ্রহণ করছে, যা তরুণ উদ্যোক্তাদের সামনে এগিয়ে যেতে সহায়ক হবে।
এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নেওয়া অসংখ্য উদ্যোগের মধ্য থেকে মাত্র ছয়টি স্টার্টআপ ১০ লাখ টাকার অনুদানের জন্য নির্বাচিত হয়। পাশাপাশি ১৫টি স্টার্টআপ প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরার সুযোগ পায় এবং চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে তাদের উদ্যোক্তা-যাত্রার গল্প উপস্থাপনের সুযোগ লাভ করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘চর্চা’ একমাত্র স্টার্টআপ হিসেবে প্রদর্শনী স্টল, অনুদান এবং সফলতার গল্প উপস্থাপন—এই তিনটি ক্ষেত্রেই নির্বাচিত হয়ে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে।
২০২১ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষার্থীদের অনুশীলনভিত্তিক শেখার সীমাবদ্ধতা থেকে অনুপ্রাণিত হয়ে রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম ‘চর্চা’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তাঁর সহপাঠী নাফিস রায়হান পিয়াল বিপণন বিভাগের প্রধান এবং আসাদুল্লাহ আল তাবির পরিচালন বিভাগের প্রধান হিসেবে এ উদ্যোগে যুক্ত হন। বর্তমানে রাজশাহী থেকে ৫০ জনেরও বেশি সদস্যের একটি দল প্ল্যাটফর্মটির গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে ‘চর্চা’ এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সমন্বিত প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। প্ল্যাটফর্মটিতে রয়েছে ৩০ লাখের বেশি প্রশ্ন, সীমাহীন মডেল টেস্ট, লাইভ পরীক্ষা, তাৎক্ষণিক ফলাফল বিশ্লেষণ, ব্যক্তিগত অগ্রগতি মূল্যায়ন, মেধাতালিকা এবং AI-নির্ভর শিক্ষাসহায়ক সুবিধা। সম্প্রতি যুক্ত হওয়া ‘চর্চা AI’ শিক্ষার্থীদের তথ্যসূত্রভিত্তিক উত্তর প্রদান, দুর্বলতা বিশ্লেষণ এবং ব্যক্তিকেন্দ্রিক অনুশীলনের পরামর্শ দেওয়ার সুবিধাও যুক্ত করেছে।
অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে প্ল্যাটফর্মটি। বর্তমানে অ্যাপটির ১৫ লাখের বেশি ইনস্টল, ৫ লাখেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী এবং প্রতি মাসে ২০ লাখের বেশি মডেল পরীক্ষায় অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে ‘চর্চা’ ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে।
স্টার্টআপটির প্রতিষ্ঠাতাদের ভাষ্য, তাদের লক্ষ্য কেবল পরীক্ষার প্রস্তুতির একটি অ্যাপ তৈরি করা নয়; বরং প্রযুক্তিনির্ভর, সহজলভ্য এবং সাশ্রয়ী একটি শিক্ষা-ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী শেখার সুযোগ পাবে। ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করার পরিকল্পনাও রয়েছে তাদের।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে ‘চর্চা’র এই স্বীকৃতি শুধু একটি স্টার্টআপের অর্জন নয়; এটি রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্যোক্তা সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাদের বিশ্বাস, এ ধরনের অর্জন ভবিষ্যতে আরও বেশি রুয়েটিয়ানকে গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে এবং দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার