
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান মামুনুর রশিদের
রাজশাহীর দুই বক্সার সেলিম আহমেদ ও উৎসব আহমেদকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাপানে অনুষ্ঠিত ন্যাশনাল বক্সিং গেমসে অংশ নিতে যাওয়া এই দুই বক্সারকে সম্মাননা জানান জাতীয়তাবাদী বিপ্লবী দল, রাজশাহী মহানগরের সদস্যসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফয়সাল শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফয়সাল শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ। তিনি দুই বক্সারের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মামুনুর রশিদ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদককে ‘না’ বলতে হবে এবং তরুণদের খেলাধুলার মাঠে আসতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের তরুণদের প্রতিভা বিকাশে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। সেলিম আহমেদ ও উৎসব আহমেদের মতো খেলোয়াড়দের উৎসাহিত করলে অন্য তরুণেরাও খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে। খেলাধুলার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ ফয়সাল শেখ বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াবিদদের অর্জনকে সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, বোয়ালিয়া থানা বিএনপির সদস্যসচিব বজলুজ্জামান মোহন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফয়জুল হক ফাহী, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার এবং রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন।
এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গনের জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আক্তার হোসেন, কিসমত হাজী, আমিন, কাউসার, বাবলু, নুর উদ্দিন মুন, টিপু, রবি, ফজলু শেখ, মিরাজ শেখ, জুয়েল রেজা, রেজাউল মোস্তফা রনি ও হেলালসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম নুরুজ্জামান টিটুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার