
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের ভেতরে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা সরকারের দূরদর্শী নীতির পরিচায়ক বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে আগামী তিন মাসের জন্য বিশেষ তেল মজুদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চোরাচালান রোধে কঠোর নির্দেশনাও দিয়েছেন।
ছাত্রদল সভাপতি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং শক্তিধর রাষ্ট্রগুলোর দ্বন্দ্বের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরবরাহ ব্যাহত হওয়া এবং উৎপাদন-পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে দেশের বাজারে দাম না বাড়ানো কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের প্রতি সরকারের দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, নিত্যপণ্যের দাম বাড়ে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু বর্তমান সংকটে সেই চাপ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়নি, যা সরকারের বড় অর্জন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে রাহী জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানির দাম অনেক বেশি। পাকিস্তানে পেট্রোলের দাম ৩০০ রুপির ওপরে, ভারতে ১০০ রুপির বেশি এবং শ্রীলঙ্কায় সংকটকালে তা ১৪০-১৫০ টাকায় পৌঁছেছিল। ইউরোপের বিভিন্ন দেশেও জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি।
দেশে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারির কথাও উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম সংকট ও মজুদদারি ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়নি, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।
রাহী বলেন, জ্বালানির দাম স্থিতিশীল থাকায় পরিবহন ভাড়া নিয়ন্ত্রণে রয়েছে, নিত্যপণ্যের বাজার তুলনামূলক স্থিতিশীল এবং কৃষি ও শিল্প খাতে উৎপাদন ব্যয় বাড়েনি। এতে কর্মসংস্থানেও বড় ধরনের চাপ পড়েনি।
এসময় তিনি বলেন, এই স্থিতিশীলতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারের প্রশংসা করে ছাত্রদল নেতা বলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের একটি সাহসী, জনকল্যাণমুখী ও সময়োপযোগী সিদ্ধান্ত, যা সংকট ব্যবস্থাপনায় দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার