
মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা গ্রামে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে বাড়ির টিউবওয়েলের পানিতে দুর্বৃত্তরা চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। বিষয়টি বুঝতে না পেরে পরিবারের সদস্যরা ওই পানি পান করেন। পরে মো. মজিবুর রহমান লালন (২৫), তার পিতা জেল হক আলী (৬৫), মাতা জরিনা বেগম (৪৫), স্ত্রী অনামিকা খাতুন (২০) এবং ভাতিজা হুসাইন (৭) অসুস্থতা ও মাতালসদৃশ আচরণ অনুভব করেন। রাতে তারা ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করে।
অভিযোগ রয়েছে, চোরেরা ঘরে ঢুকে আনুমানিক ৬ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরির সময় বাড়ির অন্য কক্ষগুলোর দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে কেউ বের হতে না পারে।
ভুক্তভোগী মো. মজিবুর রহমান লালন জানান, মাছের ব্যবসার জন্য রাখা প্রায় ৭৫ হাজার টাকাসহ ঘরে থাকা মোট প্রায় ৫ লাখ টাকার বেশি নগদ অর্থ চুরি হয়েছে। তবে বালিশের নিচে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ঘরের অন্য কিছু জিনিসপত্র চোরেরা স্পর্শ করেনি।
ঘটনার পর অসুস্থ পরিবারের সদস্যদের স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়
এলাকাবাসীর ধারণা, স্থানীয় ও বাইরের চোরদের সমন্বয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় শাহজাদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে এমন ঘটনার পর ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার