
প্রকাশকাল ডেস্ক:
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণের মাধ্যমে শ্রমিক অসন্তোষ দূর করায় তৈরী পোশাক শিল্পে এখন কর্মপরিবেশ তৈরী হয়েছে।
তিনি বলেন,‘আমরা শ্রমিকদের ন্যায্য দাবী পূরণের মাধ্যমে তাদের অসন্তোষ দূর করতে সক্ষম হয়েছি। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এখন কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে’।
উপদেষ্টা বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক’র সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এক বৈঠকে একথা বলেন।
উপদেষ্টা বলেন, ট্রানজেকশন পিরিয়ড খুব সহজ নয়। এ সময় বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের শুরুতে শ্রমিকদের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা শ্রমিকদের ন্যায্য দাবী পূরণের মাধ্যমে তাদের অসন্তোষ দূর করতে সক্ষম হয়েছি। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এখন কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সচেতন করতে মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে উভয়ের মধ্যে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার