
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পাবনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২৮ জুন) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ১০ মে ২০২৫ তারিখে রাজশাহী ও রংপুর বিভাগীয় মটর মালিক সমিতির আহ্বায়ক মিটুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরবাড়ী-কাশিনাথপুর রুটে "নবীনবরণ" পরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গাড়িটি কাশিনাথপুর থেকে ঢাকা-মাওনা রুটে চলাচল করছে।
কিন্তু সম্প্রতি, পাবনা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন মোল্লার নির্দেশে তার পরিচালিত ‘রাজদূত পরিবহন’-এর শ্রমিকরা ওই নবীনবরণ পরিবহনের গাড়ি কাশিনাথপুর এলাকায় বারবার বাধা প্রদান করছে, চালক ও শ্রমিকদের মারধর করছে এবং গাড়ি আটকে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বিষয়টি একাধিকবার পাবনা মালিক সমিতির কাছে উপস্থাপন করা হলেও কোনো সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি। বরং উল্টোভাবে, গত ২৭ জুন পাবনায় একপাক্ষিক সংবাদ সম্মেলন করে শাহজাদপুর মালিক সমিতির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা পাবনার ওই সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে মোমিন মোল্লা ক্ষমতার অপব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ১৫০টিরও বেশি গাড়ি অবৈধভাবে বিভিন্ন রুটে চালিয়ে আসছেন। এছাড়াও, ছয় বছর আগে তাঁর নির্দেশেই বাসস্ট্যান্ডের চেইন মাস্টারদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়, যা আজও চলমান। মামলার ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শাহজাদপুর থেকে কখনোই পাবনা-ঢাকা রুটে অন্য কোনো গাড়ির চলাচলে বাধা দেওয়া হয়নি। তারা সুষ্ঠু পরিবহন ব্যবস্থা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মালিক সমিতির নেতা খলিল মোল্লা, মটর শ্রমিক ইউনিয়নের নেতা মোক্তার হোসেন, জাহিদুল ইসলাম, চেইন মাস্টার জামাল উদ্দিন লিয়াকত হোসেনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার