নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
পুলিশকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বাহিনী না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ সার্জেন্টরা নিজ নিজ ইউনিটে যোগ দেবেন। আর ক্যাডেট এসআইরা শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাইনুল হাসান উপস্থিত ছিলেন। এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ নবনিযুক্ত শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, সেবাপ্রত্যাশী মানুষের প্রতি আন্তরিক হতে হবে। ভয়-ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সবাইকে আইনি সেবা ও নিরাপত্তা দিতে হবে।
তিনি আরও বলেন, মানুষের পাশে থেকে এবং মানুষের সেবা করে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে মানুষের হৃদয় জয় করতে হবে।
বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদেরও এ সময় পুরস্কৃত করা হয়। শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সাইফুল ইসলাম ও মো. আসাদুজ্জামান এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. বোরহানুল ইসলাম, দেওয়ান গোলাম রসুল ও মো. কামাল গনি পুরস্কার পান।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সার্বিক আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার