
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি, পোস্টার ও উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৬-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে ফটোশপ ও এআই প্রযুক্তিতে তৈরি বিভিন্ন উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে। এসব কনটেন্টে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি ব্যবহার করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে।
আরএমপি জানায়, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার