
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বনদস্যুদের জন্য বাজারসদাই নিয়ে যাওয়ার সময় কুখ্যাত বনদস্যু ‘নানাভাই’ বাহিনীর এক সহযোগীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১ জুন) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম নওয়াব আলী গাজী (৫০)। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানাভাই’ বাহিনীর সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। সোমবার রাতে হরিনগর বাজার থেকে বনদস্যুদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় মালামাল কেনার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বনদস্যুদের সহযোগিতা করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
এ সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে চালের বস্তার ভেতর থেকে চার বোতল বিষ উদ্ধার করা হয়। এছাড়া চাল, ডাল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মিয়ারাজ, আবু রায়হান, মাসিদুর রহমান বাবু ও ফারুক হোসেন অভিযোগ করে বলেন, নওয়াব আলীকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের দাবি, তিনি নিয়মিত বনদস্যুদের জন্য বাজার-সদাই সরবরাহ করতেন এবং বিভিন্ন সময় বনদস্যুদের পক্ষে চুক্তিপত্র বা কার্ড তৈরির কাজেও জড়িত ছিলেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার