
রাজীব আলী রাতুল, রাজশাহী:
একজন মানুষ মাদকে আসক্ত হলে শুধু তাঁর নিজের জীবনই বিপন্ন হয় না, ধীরে ধীরে ভেঙে পড়ে পুরো পরিবার। সংসারে নেমে আসে অশান্তি, অর্থনৈতিক সংকট, স্বজনদের সঙ্গে দূরত্ব এবং অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মাদকাসক্তি স্ত্রী-সন্তান ও মা-বাবার জীবনকে দুর্বিষহ করে তোলে। সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়, পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমনকি সামাজিকভাবেও হেয় হতে হয় স্বজনদের। মাদকের এই ভয়াবহ পারিবারিক ও সামাজিক পরিণতির কথা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
তিনি বলেছেন, ‘মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। একটি পরিবারে কেউ মাদকাসক্ত হলে সেই পরিবারের ধ্বংস অনিবার্য। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানাধীন সুচারন পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি নুরুজ্জামান।
স্থানীয় পশ্চিমপাড়া মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রায় ৯০ থেকে ১০০ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে একটি পরিবারে সৃষ্ট সংকট এবং মাদক নির্মূলে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
ওসি নুরুজ্জামান তাঁর বক্তব্যে মাদক প্রতিরোধে পুলিশের অবস্থান স্পষ্ট করে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও মাদক সমস্যার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন ভড়ুয়াপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আজিবার রহমান (আজিম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী (পালু), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির উপমহাব্যবস্থাপক (অডিট) মোহাম্মাদ আবু মুত্তালিব, পশ্চিমপাড়া মাদকবিরোধী কমিটির আহ্বায়ক মো. মোজাম্মেল হক, পবা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিয়ান ইউনিয়ন আমির মো. করিমুজ্জামান জামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য মো. রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. মুনসুর রহমান, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. মকসেদ আলী এবং পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতিকুর রহমান (মুনজুর)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকমুক্ত সমাজ গড়তে ঘর থেকেই সচেতনতা শুরু করতে হবে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার