
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম এবং তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহানা পারভীন তার সম্পদ বিবরণীতে ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। তবে দুদকের তদন্তে তার নামে ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। অভিযোগ করা হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
দুদকের ভাষ্য অনুযায়ী, পারিবারিক ব্যয় বিবেচনায় শাহানা পারভীনের মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় এক কোটি দুই লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র সাত লাখ ১৪ হাজার টাকা। ফলে ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, শাহানা পারভীন একজন গৃহিণী হওয়ায় তার নামে থাকা সম্পদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, এএসপি মির্জা মো. আব্দুস সালাম ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন এবং পরে তা বৈধ করার চেষ্টা করেন।
দুদক জানায়, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ পাওয়ার পর দীর্ঘ তদন্ত, তথ্য-উপাত্ত যাচাই এবং প্রমাণ সংগ্রহ শেষে মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে, মামলার বিষয়ে এএসপি মির্জা মো. আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সব সম্পদ বৈধ। তিনি দাবি করেন, তার স্ত্রী শাহানা পারভীন উত্তরাধিকার সূত্রে ১৪ বিঘা জমির মালিক এবং ২০১৪ সাল থেকে নিয়মিত আয়কর দিয়ে আসছেন। তার অভিযোগ, একটি বেনামি অভিযোগের ভিত্তিতে হয়রানিমূলকভাবে মামলাটি করা হয়েছে। তদন্ত চলাকালে দুদকের এক কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডার জের ধরেই এই মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, স্থানীয় কয়েকজনের অভিযোগ, গোদাগাড়ীতে দায়িত্ব পালনের সময় এএসপি আব্দুস সালাম নিয়মিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করতেন। যারা মাসোয়ারা দিতে চায়না বা দেয়না তাদের ও তাদের পরিবারকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার