
মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং অস্বীকৃতি জানানোয় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন তিন চাচার বিরুদ্ধে।
ভুক্তভোগী ফরহাদ আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি পূর্বে শাহজাদপুর আমলি আদালত-এ একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই তার চাচা আব্দুল খালেক, আনোয়ার হোসেন ও মজিদসহ তাদের পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখাতে থাকে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা মনিরুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা তুলে নিতে বলে। এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৮ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মই ব্যবহার করে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে তালা ভেঙে ধান, সরিষা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, হামলার সময় তাকে মারধর করা হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও আঘাত করা হয়। এতে পুরো পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
অন্যদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভুক্তভোগী পক্ষই তাদের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের বক্তব্যে অসংগতি দেখা যায় বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শাহজাদপুর আমলি আদালত-এ মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার