
নিজস্ব প্রতিবেদক:
যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মনকে সুস্থ রেখে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুবকদের প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব সেক্রেটারি সালাউদ্দীন আহমেদ।
সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর একটি স্বনামধন্য টার্ফে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দীন আহমেদ বলেন, “ইসলাম যুবকদের শুধু ইবাদতের প্রতি আহ্বান করে না, বরং সুস্থ, কর্মঠ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতেও উৎসাহিত করে। খেলাধুলা যুবকদের শারীরিক সক্ষমতা বাড়ায়, শৃঙ্খলাবোধ তৈরি করে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। তাই খেলাধুলাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে যুবকদের নিজেদের যোগ্য করে তুলতে হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।”
রাজপাড়া থানা যুব বিভাগের সভাপতি আবু হানিফ সুহাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানার আমীর অধ্যাপক নূরুল ইসলাম মনি, রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমান, মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসেন, শাহমখদুম থানা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান এবং কাঁটাখালি থানা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুবকরাই আগামীর ভবিষ্যৎ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের নৈতিকতা, আদর্শ, জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলিতে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং যেকোনো বিপদ-আপদে দেশের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে।
বক্তারা আরও বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা যুবকদের মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে।
আয়োজনে যুবকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। খেলাধুলা শেষে অংশগ্রহণকারী ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার