নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাহমখদুম থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চন্দ্রিমা থানার মুশরইল (বারো রাস্তার মোড়) গ্রামের মো. আজাদ আলীর ছেলে মো. মুন্নাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে রাজপাড়া থানার টুলটুলিপাড়া এলাকায় বসবাস করেন। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা আটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, গত ২২ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে শাহমখদুম থানা-পুলিশ দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা সড়ক এলাকায় চেকপোস্ট অভিযান চালায়। এ সময় নওগাঁর মান্দা থানার এনায়েতপুর (প্রসাদপুর এলাকা) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে জুলফিকার আকসান আকাশকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকায় বসবাস করেন। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার