
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা-পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে উমর ফারুক (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মাদক মামলা রয়েছে।
বিকেল সোয়া চারটার দিকে আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে শাকিল হোসেন শিমুল (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ। তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
রাজপাড়া থানা-পুলিশ রাত পৌনে ১০টার দিকে বসুয়া এলাকায় অভিযান চালিয়ে রাজিব ইসলাম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা এবং রাজপাড়া থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে বাবু (৩৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ। তাঁর কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড় এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম বেলাল (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাঁর কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি এবং চন্দ্রিমা থানায় দুটি পেনাল কোডে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার