
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ মো. আতিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী মিলন পালিয়ে যায়। পরে আতিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিলনের বাড়ি থেকে আরও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে নগরের চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে আতিকুলকে গ্রেপ্তার করে তালাইমারী পুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ জানায়, গত ৬ থেকে ১৮ আগস্টের মধ্যে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ১৮৫ নম্বর বাসার বেলকনি ও জানালার গ্রিল কেটে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী চন্দ্রিমা থানায় মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার তারিকাটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ও বর্তমানে জামালপুর এলাকায় বসবাসকারী আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী মিলন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার আতিকুলের হেফাজত থেকে ছয়টি ফুলহাতা শার্ট, একটি টেবিল মেট, একটি বিছানার চাদর, একটি পায়জামা ও তিনটি বালিশের কভার জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি শাড়ি, চারটি বোরকা, ছয়টি থ্রি-পিস, ছয়টি বিছানার চাদর, চারটি ওড়না ও একটি ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আতিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মিলনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার