
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) আয়োজিত এ কর্মশালা বারসিকের রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথম দিনে জেন্ডার ও বৈচিত্র্য বিষয়ে আলোচনা করেন বারসিকের এগ্রোইকোলজি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। সমাপনী দিনে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম এবং বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম।
কর্মশালায় জেন্ডারভিত্তিক বৈষম্য, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার মূলধারায়ন এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈষম্য চিহ্নিত করা এবং তা প্রতিরোধের উপায় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষসহ সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কৃষি, স্থানীয় বীজ সংরক্ষণ ও পরিবেশবান্ধব কৃষিচর্চায় নারীর অবদানের স্বীকৃতি এবং কৃষি উপকরণ ও প্রশিক্ষণে সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা, প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশ এবং মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার