
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম, বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা-পুলিশ। এসব অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুর পৌনে একটার দিকে শাহমখদুম থানা-পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) এলাকায় জিয়ারুল হকের (৫০) বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৩টি ট্যাপেন্টাডল ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিয়ারুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি এবং চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বোয়ালিয়া থানা-পুলিশ সাহেববাজারের মাষ্টারপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে আফরোজা (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।
এদিকে ১৪ আগস্ট রাত সোয়া ১০টার দিকে এয়ারপোর্ট থানা-পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন (২৬) ও মোহাম্মদ আলী শুভকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় আলমের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে আলমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার