
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর নতুন বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), রাজশাহী রেঞ্জ, মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ কমিশনার (ডিআইজি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ; মো. মশিউর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রাজশাহীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, বেসরকারি পরিবহনের তুলনায় বিআরটিসি অধিক নিরাপদ, সাশ্রয়ী ও জনবান্ধব সেবা প্রদান করে আসছে। দুর্ঘটনার হার তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষের কাছে বিআরটিসির গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা বিআরটিসিকে আরও আধুনিক, কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী দুই বছরের মধ্যে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৬০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য তিন দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, বিভাগীয় শহর রাজশাহীতে এর আগে বিআরটিসির কোনো বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র ছিল না। উদ্বোধন শেষে বিআরটিসি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে রাজশাহী বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার