
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুন) আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত বিশেষ মাদক দমন টিম গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান চালায়। এ সময় মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)কে গ্রেপ্তার করা হয়। তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পলাতক বিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার