
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. পারভেজ ইসলাম (১৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের আলমগীরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানার মাহিন্দ্রা এলাকায় বসবাস করতেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এসআই (নিঃ) মো. মাসুদ কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রানীনগর এলাকার মোন্নাফের মোড়ে রানীনগর জামে মসজিদের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবরটি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাক মাছুমা মুস্তারী কে জানানো হলে তাঁর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ওই যুবকের হাতে থাকা লাল-সাদা রঙের একটি শপিং ব্যাগ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন সদৃশ বাদামি রঙের পাউডার উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে এর ওজন ১০০ গ্রাম পাওয়া যায়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে পুলিশের দাবি।
এ ছাড়া তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে একটি Samsung A13 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, মাদক লেনদেনে ফোনটি ব্যবহৃত হয়ে থাকতে পারে।
পরে উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পাউডার রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে অন্য কোনো মাদক চক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার