নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসনসেবা আরও কার্যকর করতে রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনি সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসনসেবার মান উন্নয়ন এবং সেবার পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন ও তথ্য আদান-প্রদান আরও জোরদার করার বিষয়েও মতামত দেন কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিকটিম সাপোর্ট সেন্টারে সেবা নিতে আসা প্রত্যেকের জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে তাঁরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পাশাপাশি মানসিক স্বস্তিও অনুভব করেন।
তিনি সেন্টারের সেবার পরিধি সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা সমাজসেবা কার্যালয়, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), সেফ হোম, ইউসেপ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) পদে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার