
নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি জনবান্ধব ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে মহানগরীর সব থানার সহকারী উপপরিদর্শকদের (এএসআই) নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এএসআইদের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিট পুলিশিং কার্যক্রম ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশকে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। জায়গা-জমি দখল কিংবা জমিজমা-সংক্রান্ত বিরোধে পুলিশি হস্তক্ষেপ করা পুলিশের কাজ নয়। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) যথাযথভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
তিনি রাস্তাঘাট ও ফুটপাত দখল করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে থানা এলাকায় নিয়মিত ও কার্যকর পুলিশি টহল জোরদার করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য এএসআইদের নির্দেশ দেন পুলিশ কমিশনার।
সভায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ভালো আচরণ, দ্রুততম সময়ে সেবা প্রদান, বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা এবং অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার