নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক পরিবহন ও বিক্রিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি সিলার মেশিন জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় পলাতক আসামি মাসুমের ভাড়া বাসার সামনে অভিযান চালায় মহানগর ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাসুম আলী (৪৩), রমজান (৩৫)সহ আরও দুই থেকে তিনজন একটি প্রাইভেট কারে করে পালানোর চেষ্টা করেন।
পুলিশ তাঁদের ধাওয়া করলে তাঁরা কেশবপুর দক্ষিণপাড়া এলাকার নদীর ধারে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিলার মেশিনসহ গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, পলাতক মাসুম আলী একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানাসহ রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রয়েছে। এ ছাড়া দামকুড়া থানায় তাঁর বিরুদ্ধে পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। অপর পলাতক রমজানের বিরুদ্ধেও দামকুড়া থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার