
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে দক্ষ কর্মী নিয়োগ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের প্রতিনিধি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।
সাক্ষাতে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো, আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, তথ্যপ্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের দিক থেকে একটি সম্ভাবনাময় নগরী। জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি বলেন, রাজশাহীর কৃষিপণ্য ও আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এ ছাড়া সিস্টার সিটি সম্পর্ক স্থাপন হলে দুই শহরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করতে আগ্রহী রাসিক।
জাপানের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ওই সময় তারা রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার