
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আরএমসি চ্যাম্পিয়নস কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। ক্রীড়াবান্ধব এসব পদক্ষেপ দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নেবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের মতো বড় আসরে অংশ নিয়ে বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-আল ইসলাম, বিএমএর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাব রামেকের সাবেক আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মিম, সাধারণ সম্পাদক রিমন আলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রাইহান রবীন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
টুর্নামেন্টের ফাইনালে ৬৫-৩৫ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে ৬১-৩১ ও ৬২-৩২ ব্যাচের সমন্বয়ে গঠিত ইন্টার্ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত অতিথিরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার