
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের টেকসই উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী ওয়াসার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের চলমান উন্নয়ন কার্যক্রম, নিরাপদ ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিতকরণ, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়নে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিক প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য নগরবাসীর দোরগোড়ায় সর্বোচ্চ মানের সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর টেকসই উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সম্ভব।”
তিনি রাজশাহী ওয়াসার কার্যক্রমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই নগর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী ওয়াসার বিদ্যমান সহযোগিতা এবং সমন্বয় ভবিষ্যতেও আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার