
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগগুলো পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও একাডেমিক নীতিমালা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বোর্ডটি সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত করে। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে নিষিদ্ধ উপকরণ বহন ও ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন ধরনের অনুমোদনবিহীন নোট ও সহায়ক কাগজপত্র জব্দ করা হয়। এর মধ্যে ছিল সংক্ষিপ্ত হাতে লেখা নোট, চিরকুট এবং গুরুত্বপূর্ণ সূত্রসংবলিত কাগজ।
সিদ্ধান্ত অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের একই ব্যাচের এক শিক্ষার্থী, পুরকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এই শাস্তির আওতায় পড়েছেন।
বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, “একাডেমিক সততা রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ বিষয়ে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এবং নৈতিকতা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত আগামীতেও কার্যকর থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার