
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় রাসিক প্রশাসককে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক।
বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, বৈষম্য দূর করতে এবং সুন্দর সমাজ গঠনে অনুপ্রেরণা দেয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর মতো আয়োজন নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে।
রাসিক প্রশাসক বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে।
তিনি আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি সংস্কৃতি ও সৃজনশীলতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি করপোরেশন সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার